বাংলাদেশে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সহায়তা হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনে পরিচালিত প্রবাসী কল্যাণ ব্যাংক এর মাধ্যমে এই ঋণ প্রদান করা হবে। কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না; বরং পুনর্গঠনের কারণে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, কারণ ভাষাজ্ঞান বাড়লে শ্রমিকরা বেশি আয় করতে সক্ষম হবে।
এছাড়া জাপানে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ, ইউরোপে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বিভিন্ন দেশের কনস্যুলার সেবা বাংলাদেশে চালুর বিষয়েও আলোচনা হয়। সরকার অভিবাসন ব্যয় নির্ধারণ, মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার পুনরায় চালু এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দিকেও কাজ করছে।