নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে “স্বপ্নতরী ফাউন্ডেশন” এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “স্বপ্নতরী শিক্ষা মেলা-২০২৬ শুরু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।
দুই দিনব্যাপী এ মেলায় থাকছে আইসিটি প্রদর্শনী, বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন, শিক্ষামূলক সেমিনার, কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এছাড়া অনুষ্ঠানের ২য় দিন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাও প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণ করছে ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য।মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কাওয়ালি সন্ধ্যা (ইসলামিক কনসার্ট)।