মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাওয়া ১৫ জনের গেজেট বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর ১১(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব গেজেট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া তালিকায় বিভিন্ন শ্রেণির আহতরা অন্তর্ভুক্ত রয়েছেন। এর মধ্যে শ্রেণি ‘ক’ (অতি গুরুতর আহত) থেকে একজন, শ্রেণি ‘খ’ (গুরুতর আহত) থেকে একজন এবং শ্রেণি ‘গ’ (আহত) থেকে ১৩ জন রয়েছেন।
শ্রেণি ‘ক’ থেকে সাদ্দাম হোসেন মৃধা এবং শ্রেণি ‘খ’ থেকে মো. রাব্বি হোসেনের গেজেট বাতিল করা হয়েছে।
এছাড়া শ্রেণি ‘গ’-এর তালিকায় রয়েছেন— মো. মহসীন, মো. সোহেল, মো. আসিফ, মোসা. মানছুরা, মো. শাকিল বেপারী, রোমেল, মো. বাদল বেপারী, রমজান হোসেন, এহসানুল হক সোহাগ, রুনা আক্তার ছোঁয়া, আল আমিন, মো. মামুন হোসেন এবং রনক বেপারী।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে অংশ নিয়ে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয় অন্তর্বর্তীকালীন সরকার। আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে তাদের জন্য নির্ধারণ করা হয় নানা ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা।