ফ্যাসিবাদী সংবিধান গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে এনসিপির সদর উপজেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সংবিধানকে তিনি ফ্যাসিবাদী বলে মনে করেন এবং এ সংবিধান পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তার অভিযোগ, এই সংবিধানের মাধ্যমে অতীতে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা পেয়েছিল এবং রাজনৈতিক দল ও নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংবিধান সংস্কার করা গেলে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচারী শাসক হয়ে উঠতে পারবে না। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা বন্ধ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ লাইসেন্স নেই, তাদের কোনোভাবেই কাজ করতে দেওয়া উচিত নয়। স্থানীয়দের এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, অতীতের মতো এখনো বিভিন্ন স্থানে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া এনসিপির চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।