মেহেদী হাসান ,সিলেট
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সিলেট নগরীর কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে চলছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ঈদের জামাতে অংশ নিতে আসা লাখো মুসল্লির জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানকে ঘিরে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও ইতিহাস। সিলেটের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এই স্থানে প্রতিবছর ঈদের প্রধান জামাতে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের দিন মুসল্লিদের কাতার শাহী ঈদগাহ ময়দান ছাড়িয়ে নগরীর টিভি গেইট এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। অপরদিকে আম্বরখানা পয়েন্ট অতিক্রম করেও এই জামাত অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা একসময় জনসমুদ্রে পরিণত হয়।
এই ঈদগাহকে ঘিরে রয়েছে সিলেটের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতি বছর এখানে সাধারণ মুসল্লিদের পাশাপাশি সিলেটের সংসদ সদস্য, মন্ত্রী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন স্তরের গুণী-জ্ঞানী ব্যক্তিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। যুগের পর যুগ পেরিয়ে গেলেও এই ঈদগাহের ঐতিহ্য ধারাবাহিকভাবে অটুট রয়েছে।
নগরবাসীর জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শাহী ঈদগাহ ময়দানেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিচর্যার কাজ। প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাতকে সামনে রেখে শাহী ঈদগাহ ময়দানকে আরও সুন্দর ও পরিপাটি করে তুলতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।