ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার বাসা থেকে গ্রামের বাড়িতে এসে নদীতে ডুবে মৃত্যু হয়েছে দশ বছর বয়সী শিশু হুসাইন আদনানের। রোববার (১৫ মার্চ) বিকেল চারটার দিকে পটুয়াখালী শহরের পটুয়াখালী সেতু সংলগ্ন মাঝগ্রাম এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত হুসাইন আদনান পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুন তালুকদার ও উম্মে হাবিবা দম্পতির ছেলে। পারিবারিক সূত্র জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করে আসছে। সেখানে একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত আদনান।
স্বজনদের ভাষ্য, ঈদের ছুটি উপলক্ষে মায়ের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে আদনান। রোববার দুপুরে স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির সামনে নদীতে নোঙর করা একটি ট্রলারে ওঠে সে। একপর্যায়ে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের মা উম্মে হাবিবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ঈদ করতে ঢাকার বাসা থেকে গ্রামে এসেছিলাম। আমার ছেলে ট্রলারে ঘুরতে গিয়ে পানিতে পড়ে যায়। সে সাঁতার জানত না।”
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, খবর পাওয়ার পর দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ডুবুরি দলের অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।