বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য।
তিনি বলেন, আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে সীমাবদ্ধতা ছিল পরিবেশ
পরিস্থিতির কারণে এতদিন পরে যখন একটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে। আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ, সেই স্বৈরাচারী লেজ টেনে ধরে কার্যক্রম শুরু করেছে। এটি আমাদেরকে মর্মাহত করেছে।