জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা আজকের ইফতার মাহফিলে যেমন ঐক্যবদ্ধ হয়েছি, তেমনি সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান নির্বাচিত সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেনি তারা এসেছে অন্তর্বর্তী সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে। তাদের বৈধতা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ হয়েছে সেই আদেশ।
এটা যেন নির্বাচিত সরকার ভুলে না যায়, এটা আমরা কেউই ভুলে না যাই। যদি সংবিধানের দোহাই দিয়ে সংসদে শপথ গ্রহণ বা সংস্কার সভায় বাধা দেওয়া হয় তবে জুলাই গণঅভ্যুত্থানের সাথে, নির্বাচনের সাথে, অন্তর্বর্তী সরকার এই সবকিছুর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতের সাথে, হাজারও মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে।
তিনি আরও বলেন, আজকের ঐক্যবদ্ধতা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই-বোনের শাহাদাতের মাধ্যমে। তাদের রক্ত ও ত্যাগের কারণে রাজপথে আন্দোলন সম্ভব হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে এবং এই রাজনৈতিক কর্মসূচি সফল হয়েছে।