বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে তিনি এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট বিষয়ে নীতিনির্ধারণী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হলো।
এই দায়িত্ব অর্পণের জন্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম দলীয় আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে, তার নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।