প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানোর ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য সারজিস আলম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন-এ জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধনে গেলে সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-কে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌঁড়াতে দেখা যায়। বিষয়টি তাকে কষ্ট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, লাখো ছাত্রের নেতৃত্ব দেওয়া একজন নেতার এমন আচরণ কাম্য নয়। এমন দৃশ্য অতীতেও দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে নতুন মানদণ্ড তৈরি করতে হবে। এমন ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।