জয়নুল আবদিন ফারুক–এর সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জয়নুল আবদিন ফারুক। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১ লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।