ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন বিভিন্ন বিষয়ে কথা বললেও সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে আগের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের অসঙ্গতি রয়েছে। তার দাবি, রাষ্ট্রপতি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে সে সময় যা বলেছিলেন এবং পরে জাতির উদ্দেশে যা জানিয়েছিলেন, সাম্প্রতিক সাক্ষাৎকারে তা স্বীকার করা হয়নি।
জামায়াত আমির প্রশ্ন তোলেন, “কোটি কোটি মানুষ যা শুনেছে এবং তখন যা বলা হয়েছিল, এখনকার বক্তব্যের সঙ্গে তার মিল কোথায়?” রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির বক্তব্যে এমন অসঙ্গতি জাতির জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।