সন্ত্রাসীদের হামলায় আহত জুলাইযোদ্ধা ও জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিলকে দেখতে হাসপাতালে গেছেন মামুনুল হক। রোববার রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ সময় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমির বলেন, ইব্রাহিম খলিল একজন জুলাইযোদ্ধা এবং চলমান জুলাই হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। এমন একজন সাক্ষীর ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করে। তিনি জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
মামুনুল হক আরও বলেন, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।