মেহেদী হাসান , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের এক নিখোঁজ যুবকের লাশ তিতাস নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (২৬)। তিনি একই গ্রামের নজরুল ইসলামের মেজো ছেলে। পরিবার সূত্রে জানা যায়,
তিনি ভারসাম্যহীন ছিলেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের পিতা নজরুল ইসলাম জানান, গত শুক্রবার থেকে মোহাম্মদ আলী নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। এমনকি স্থানীয় কবিরাজের বাড়িতেও খোঁজ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে পোস্ট করা হয়।
রোববার সকালে তিতাস নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এক ব্যক্তি ফেসবুকে লাইভ প্রচার করেন। বিষয়টি পরিবারের নজরে এলে তারা দ্রুত বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের সহযোগিতা নেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি মোহাম্মদ আলীর লাশ হিসেবে শনাক্ত করেন। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।বাঞ্ছারামপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।