মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জীবন দেওয়ার জন্য, সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু আজ সমাজ উল্টোপথে হাঁটছে বলে মনে হয়।” তিনি আক্ষেপ করে বলেন, তরুণ প্রজন্ম ‘ইনকিলাব’ শব্দ নিয়ে গর্ব করে, অথচ বাংলার ভাষা ও সংস্কৃতির সঙ্গে যার ঐতিহাসিক সম্পর্ক নেই।
তাঁর ভাষায়, “যাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, যারা বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য কাজ করত, তাদের শব্দই আজ আমাদের ছেলেদের ভাষা হয়ে যাচ্ছে—এতে আমার রক্তক্ষরণ হয়।”
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পরও ভাষার সুরক্ষা নিশ্চিত করা যায়নি। একটি জাতি যদি তার ইতিহাস না জানে, তবে সে জাতি কখনো টেকসই উন্নয়ন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিল্পায়ন অবশ্যই প্রয়োজন, তবে কৃষিজমি নষ্ট করে তা করা যাবে না। “শিল্পকারখানা করতে জমি লাগে। কৃষিজমিতে শিল্প হলে খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল হতে হবে,”—এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, উন্নয়ন পরিকল্পনায় ভারসাম্য রক্ষা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।