পানিসম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য একজন বড় পাহারাদারের ভূমিকা পালন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।
এ্যানি বলেন, নির্বাচন ও পরবর্তী সময়ে গঠিত মন্ত্রিসভার দুটি সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার সুযোগ হয়েছে তাঁর। তিনি মনে করেন, তারেক রহমান সততাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এবং প্রথম দিন থেকেই প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কাজে সক্রিয়ভাবে নজর রাখছেন। তাঁর নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত পরিবেশের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, রাজনৈতিক বা দলীয় প্রভাবের কারণে কোনো সাধারণ মানুষ বা ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সতর্ক। নিজের দায়িত্বকে ‘আমানত’ হিসেবে উল্লেখ করে এ্যানি বলেন, এই কঠিন দায়িত্ব পালনে তিনি সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।
বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, শপথ গ্রহণের দিন তাদের উপস্থিতি প্রত্যাশিত ছিল। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ভোট নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ বা ‘ম্যানেজড’ নির্বাচনের অভিযোগ তোলা সরকারের জন্য কষ্টদায়ক। এর পরিবর্তে সহযোগিতার মনোভাব দেখানোই হতে পারে ইতিবাচক দৃষ্টান্ত।
মন্ত্রী জানান, বিরোধী দলে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ সব রাজনৈতিক শক্তির সঙ্গে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।