আগামী ১৫ দিনের মধ্যেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সাধারণ মানুষ, প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, যেসব নদী খনন প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে খনন করা হবে এবং দখল হয়ে থাকা জলাশয় দ্রুত উদ্ধার করা হবে। একই সঙ্গে একটি সমন্বিত খাল পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যেখানে স্থানীয় জনগণ, জেলা প্রশাসন এবং একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
ফরহাদ হোসেন আজাদ উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে আধুনিক প্রেক্ষাপটে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে খাল পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমও চালানো হবে বলে জানান তিনি।
সভা শুরুর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পঞ্চগড়কে রমজানকেন্দ্রিক ব্যবস্থাপনায় একটি মডেল জেলায় পরিণত করার আহ্বান জানান এবং জেলার উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ গঠনের বিভিন্ন দিকনির্দেশনার কথাও তুলে ধরেন।