সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল প্রায় ৩টার দিকে বিরামপুর পৌরসভার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মোহাম্মদ আবদুল্লাহ (৩৫) বিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযোগ ওঠার পর গত বছরের ২৫ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজেদুর রহমান জানান, আবদুল্লাহর বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুলাই সকালে এক কলেজছাত্রী বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন। পথে বিরামপুর পৌর শহরের একটি বিদ্যালয়ের সামনে অভিযুক্ত তার পথরোধ করেন। এ সময় তিনি ছাত্রীর ব্যাগ ও পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করেন এবং আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর ওই দিনই ভুক্তভোগী বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে দিনাজপুর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।