পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
শুভেচ্ছা বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ‘বছর ঘুরে পবিত্র রমাদানুল কারিম আমাদের দুয়ারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের এই পবিত্র মাসে কোরআনের শিক্ষাকে রপ্ত করা, ধারণ করা এবং অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করা ও সমাজকে বরকতময় সমাজে পরিণত করার জন্য আমাদের সকলকে তাওফিক দান করুন। পবিত্র এই রমাদান আমাদের জীবন থেকে সকল গ্লানি, গুনাহখাতা ও সীমালঙ্ঘনের মানসিকতা মুছে দিক।’
বিরোধী দলীয় প্রধান আরও বলেন, ‘এই রমাদানে আমরা যেন অসহায়-দুঃস্থ মানুষের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় দেশের প্রতি রহম করুন, শান্তির ফায়সালা দান করুন এবং জনগণের আকাঙ্ক্ষার জনপদ গড়ে তোলার তাওফিক আমাদের সকলকে দান করুন। আমিন।’
আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা শুরু করবেন। জামায়াত আমিরের এই শুভেচ্ছা বার্তায় ভ্রাতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।