উপকূলের বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে উঠে আসা এক সংগ্রামী তরুণ আজ জাতীয় রাজনীতির আলোচিত নাম। প্রতিকূলতা, নির্যাতন ও দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে সংসদের গণ্ডি ছাপিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন নুরুল হক নুর। বর্তমানে তিনি শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে জন্ম নেওয়া নুরুল হক নুর ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী ও সাহসী মানসিকতার। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই নেতার রাজনৈতিক জীবন শুরু থেকেই ছিল চ্যালেঞ্জে ভরা। শৈশবেই জীবনের সবচেয়ে বড় আঘাত পান তিনি—মাত্র আড়াই বছর বয়সে উন্নত চিকিৎসার অভাবে মাকে হারান। এই ঘটনা তার জীবনে গভীর ছাপ ফেলে এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে আরও দৃঢ় করে তোলে।
নুরুল হকের বাবা ইদ্রিস হাওলাদার চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর চতুর্থ। একসময় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত রাজনীতিক হিসেবেই মানুষের পাশে দাঁড়ানোর পথ বেছে নেন তিনি।
তার রাজনৈতিক উত্থান দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে ডাকসু নির্বাচনের মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের শক্ত অবস্থানের মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে জয়ী হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন নুর। এরপর একাধিকবার হামলা, হুমকি ও নির্যাতনের শিকার হলেও রাজনৈতিক অবস্থান থেকে একচুলও সরে যাননি।
সাম্প্রতিক নির্বাচনে নিজের সংগ্রামী জীবনের গল্প সাধারণ ভোটারদের সামনে তুলে ধরেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই লড়াকু ও আপসহীন ইমেজই ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। দায়িত্ব গ্রহণের পর নুরুল হক নুর স্পষ্ট করে বলেছেন, দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের জন্য কাজ করতে চান।
তার এই সাফল্যে নিজ জেলা পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। স্থানীয় নেতাদের প্রত্যাশা, দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে নুরুল হক নুর জাতীয় রাজনীতিতে আরও প্রভাবশালী ও জনপ্রিয় হয়ে উঠবেন।
উপকূলের প্রত্যন্ত একটি চর থেকে শুরু হওয়া এই দীর্ঘ লড়াইয়ের যাত্রা আজ এসে পৌঁছেছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। কোটা বিরোধী আন্দোলন, ডাকসু ভিপির পদ, ছাত্র-জনতার আন্দোলনে অগ্রগামী ভূমিকা —সবকিছু পেরিয়ে এখন সাধারণ মানুষের প্রত্যাশার পারদও নুরুল হক নুরকে ঘিরে ঊর্ধ্বগামী।